দিনাজপুর সীমান্ত দিয়ে নারীসহ ১৩ জনকে ঠেলে দিল বিএসএফ
‘পুশইন’ হওয়ার এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বলে জানায় বিজিবি।
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে ১৩ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে বিজিবি।
বুধবার মধ্যরাতে উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া হয় বলে জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
ফেরত আসাদের মধ্যে ১১ নারী ও দুইজন পুরুষ। তবে তাদের নাম-পরিচয় জানায়নি বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মঈন হাসান বলেন, রাত ১২টা থেকে ১টার মধ্যে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। পরে এলাকাবাসীর সহায়তার তাদেরকে আটক করা হয়।
আটকরা জানিয়েছেন, ‘পুশইন’ হওয়ার এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করেন।
আটকরা বাংলাদেশি নাগরিক কি-না এমন প্রশ্নে মঈন হাসান বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
