২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেল-রিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু

এএসআই আলী আজম বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 10:50 AM

Updated : 26 Aug 2026, 12:19 PM

নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে আনছার কোম্পানির দরজার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাপুর পুলিশ ফাঁড়ির এএসআই আলী আজম। 

নিহত মো. রিফাত (২৫) সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে রিফাত মোটরসাইকেলে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন। পথে আনছার কোম্পানির দরজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই আলী আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।