Published : 12 Jul 2026, 07:30 PM
নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ভাঙচুর ও বিক্ষোভ করেছেন স্বজনরা। এ সময় এক চিকিৎসককে ধাওয়া করার অভিযোগও ওঠেছে।
শনিবার সদর উপজেলার আলাইপুর এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মনসুর রহমান।
নিহত নবজাতক আগদিঘা এলাকার অটোরিকশাচালক বাবু হোসেন ও রুমি দম্পতির প্রথম সন্তান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। একপর্যায়ে হাসপাতালের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়।
এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাবুজ্জামানকে ধাওয়া করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিহত শিশুর পরিবারের দাবি, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।
শিশুটির ফুফু চায়না বেগম বলেন, ভোরে প্রসববেদনা উঠলে রুমিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে নবজাতক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা না দিয়ে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাদের জানান, শিশুটি মারা গেছে।
তিনি অভিযোগ করেন, সময়মত চিকিৎসা ও ব্যবস্থা নিলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতে পারত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘটনার পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
তবে ঘটনার পর হাসপাতলে আসা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাবুজ্জামান বলেন, “ঘটনার বিস্তারিত আমি এখনও জানি না। বিষয়টি জানতে এসেছি। লোকজন খুব উত্তেজিত হয়ে আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শেষে এ বিষয়ে কথা বলবেন।”
ওসি মনসুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।