২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইক আরোহী ২ তরুণের মৃত্যু

মাদারীপুরের রাজৈর থেকে টেকেরহাট যাওয়ার পথে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 11:15 PM

Updated : 11 Oct 2023, 11:15 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ প্রাণ হারিয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার পাট্রাবুকা গ্রামের সিরাজ শেখের ছেলে রাব্বি শেখ (২০) ও একই গ্রামের আবু জাফর শেখের ছেলে মেহেদী শেখ (২০)।

স্থানীয়দের বরাতে শওকত হোসেন বলেন, মাদারীপুরের রাজৈর থেকে মোটরসাইকেলে করে রাব্বি ও মেহেদী টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাব্বি নিহত হন; অপর আরোহী মেহেদীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তবে দুর্ঘটনার পর পর চালক বাসটি নিয়ে পালিয়ে যান বলে জানান পুলিশ কর্মকর্তা শওকত।