২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল নগরীতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, ডাকাতরা কিশোর

“ডাকাতরা শুদ্ধ বাংলায় কথা বলছিল এবং জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিল।”

বরিশাল নগরীতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, ডাকাতরা কিশোর

বরিশাল নগরীতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে; এ সময় টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 03:05 PM

Updated : 26 Feb 2023, 03:34 PM

বরিশাল নগরীতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে; এ সময় ডাকাতদল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

রোববার ভোর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া চৌপাশা এলাকার ব্যবসায়ী হাফিজ হাওলাদারের বাসায় এ ডাকাতি হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান।

ব্যবসায়ী হাফিজ হাওলাদার নগরীর কাশিপুরের মদিনা ও যমযম সিএনজি গ্যাস স্টেশন ও টাটা ইটভাটার মালিক।

হাফিজ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে আট কিশোর বয়সী ডাকাত ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের সবার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল এবং জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিল। দুজনের কাছে পিস্তল আর বাকিদের হাতে ছিল কাছে শাবল ও রড।

ডাকাতরা ড্রয়িং রুমে সবাইকে বেঁধে রাখে। তবে ব্যবসায়ীর মেয়ের সঙ্গে শিশু থাকায় তাকে বাঁধা হয়নি। চিৎকার দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাদের মালামাল নিয়ে চলে যেতে অনুরোধ করা হয়।  

ব্যবসায়ী বলেন, “ঘরে থাকা পৌনে চার লাখ টাকা ও ১২-১৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। বের হওয়ার সময় বলে গেছে, চিৎকার করলে জানালা দিয়ে গুলি করবে, রাস্তায় পেলে গুলি করবে।”

৪টার দিকে ডাকাতরা চলে যাওয়ার পর মোবাইল ফোনে পুলিশকে এবং মসজিদের মাইকে প্রতিবেশীদের জানান ব্যবসায়ী হাফিজ।

ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৪টা ১০ মিনিটের দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই।  ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।”