কুষ্টিয়ায় চুরির অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
খবর পেয়ে দৌলতপুরের সেনা ক্যাম্পের সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুষ্টিয়ার দৌলতপুরে চুরি অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন, ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫)। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সপ্তাহ দুয়েক আগে আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আনিচুর ও প্রতিপক্ষ সিহাবের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
তারই জের ধরে সোমবার আনিচুরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ সিহাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে চলাকালে দুপক্ষই প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে।
খবর পেয়ে দৌলতপুরের সেনা ক্যাম্পের সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আনিচুর রহমানের অভিযোগ, দফাদারপাড়া এলাকার মৃত তফিলের ছেলে সিহাব (৫০), মজুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাব উদ্দিনের ছেলে দোয়েল (২৫) ও জালাল (৪৫)সহ ৮-১০ জন তার বাড়িতে চুরি করে। এরপর থেকে তারা গা ঢাকা দেয়।
তিনি আরও বলেন, সোমবার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে সিহাব ও তার লোকজন অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে হানা দিলে তারা গুলি চালায়। গুলিতে আনিচুরসহ তিনজন আহত হয়েছেন।
তবে চেষ্টা করেও সিহাবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তার বক্তব্যও পাওয়া যায়নি।
ওসি মো. আরিফুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
