ফেনীতে বাস থেকে আটক ৭ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত
রোহিঙ্গারা চট্টগ্রামে একটি ইটভাটায় কাজের জন্য যাচ্ছিল, বলেন ফেনী থানার ওসি।
ফেনীতে যাত্রীবাহী বাস থেকে আটক শিশুসহ সাত রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে পুলিশের তত্ত্বাবধানে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
আটকরা হলেন- ইউনুছ মিয়া (৫০), সৈয়দ নুর (৩৫), মো. হোসেন মোবারক (৭), রশীদ আহমেদ (৪৫), সৈয়দুল আমিন (২২), রবি আলম (১৯) ও ওমর ফারুক (২৮)।
তারা সবাই কক্সবাজারের কুতুপালং, বালুখালী ও টেংখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।
বাসযাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার একটি ইটভাটায় যাওয়ার উদ্দেশে শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে একটি বাসে উঠেন সাত রোহিঙ্গা শরণার্থী। তাদের কথায় ও আচারণে ওই গাড়িতে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। একপর্যায়ে বাসের অন্য যাত্রীরা তাদের সঙ্গে কথা বলেন। তখন চলন্ত বাসের কয়েক যাত্রীর সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
অন্য যাত্রীদের অনুরোধে চালক রোহিঙ্গা শরণার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় বাস না থামিয়ে ফেনীর দিকে নিয়ে আসেন।
পরে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দাঁড়ায়।
পুলিশ আরো জানায়, রাত ১০টার দিকে বাসের যাত্রীরা সেনাবাহিনীর সদস্যদের হাতে ওই সাত রোহিঙ্গা নাগরিককে তুলে দেন। পরে তাদের ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে ফেনী মডেল থানা থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
