স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ
সমাবেশে যুবদল নেতারা ‘গণহত্যার হুকুমদাতা’ হিসাবে শেখ হাসিনার ফাঁসির দাবিও জানান।
গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে যুবদল।
এই দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশে যুবদলের নেতারা সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন এবং তারা ‘গণহত্যার হুকুমদাতা’ হিসাবে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।
সমাবেশে বক্তৃতা করেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, এ কে এম ফরিদ, মহি উদ্দিন বিটু ও ফয়েজ আহমেদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগকে ‘গণ্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দেন।
সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেছেন, “আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, গণ্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।”
