কুমিল্লায় মিছিলে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নগরীর কাপ্তাববাজার থেকে কান্দিরপাড়ে মিছিল নিয়ে আসার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন বেলাল।
বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে কুমিল্লায় শান্তি মিছিল করার সময় অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিটি করপোরেশেনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম।
মৃত মো. বেলাল হোসেন (৫০) কুমিল্লা নগরীর চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বলেন, “বেলাল ভাই মিছিল নিয়ে নগরীর কাপ্তাববাজার থেকে কান্দিরপাড় আসেন। এসময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন তিনি।
“পরে নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তার মৃত্যুতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
