২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ৩ উপজেলার শিশুরা

এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির চাহিদার অর্ধেকের কম বই এসেছে৷

নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ৩ উপজেলার শিশুরা

ফেনীতে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিশুরা। তবে তাদের মতো উৎসবে মাততে পারেনি নারায়ণগঞ্জের তিন উপজেলার শিশুরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 08:27 PM

Updated : 01 Jan 2023, 08:27 PM

বছরের প্রথম দিনেই নতুন বই হাতে উৎসবে মেতে উঠেছিল সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু সেই আন্ন্দ থেকে বঞ্চিত হয়েছে নারায়ণগঞ্জের তিন উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা। 

জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের চাহিদার অর্ধেকের বেশি বই এখনো হাতে না পাওয়ায় সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো শিক্ষার্থীর হাতেই বই তুলে দেওয়া যায়নি৷ 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, ছাপাখানা থেকে না আসায় সদর ও বন্দর উপজেলা ছাড়া অন্য উপজেলায় প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা যায়নি৷ এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির চাহিদার অর্ধেকের কম বই এসেছে৷

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি ছাপাখানায় নারায়ণগঞ্জের বইগুলো ছাপা হয়। কিন্তু কাগজের সংকটের কারণে বই ছাপার কাজ অনেক দেরিতে শুরু হয়। যার ফলে অনেক বই এখনও পাওয়া যায়নি। তবে আমাদের কথা হয়েছে- আগামী সাতদিনের মধ্যে বাকি বই চলে আসবে।” 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১ জানুয়ারি বিকাল পর্যন্ত জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী ৫৪ দশমিক ৭২ শতাংশ বই এখনও ছাপাখানা থেকে আসেনি৷ মাধ্যমিকের চিত্র কিছুটা ভিন্ন হলেও ১৭ দশমিক ৬১ শতাংশ বইয়ের ঘাটতি রয়েছে৷ 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য জেলায় ১৫ লাখ ৭১ হাজার ৪৫২ বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত সাত লাখ ২৬ হাজার ৬১৮টি বই পাওয়া গেছে৷ এসব বই এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিতরণ করা হয়েছে৷

অন্যদিকে মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, মাধ্যমিক ইংরেজি ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য চাহিদা রয়েছে ৪১ লাখ ৪০ হাজার ৭২৫টি বইয়ের। এর মধ্যে পাওয়া গেছে ৩৪ লাখ ১১ হাজার ২৪৮টি বই। বাকি রয়েছে সাত লাখ ২৯ হাজার ৪৭৭টি নতুন বই৷ 

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম বলেন, “যেসব বই এসেছে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে৷ চাহিদার বাকি বইগুলো পৌঁছালে দ্রুত বিতরণ করা হবে৷”