২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিআরবি কেবলের বিক্রয়কেন্দ্রের ‘মালামাল ও টাকা লুট’

ডাকাতরা নৈশপ্রহরীকে মারধর করে গাড়িতে তুলে নেয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 12:11 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

মাদারীপুরের শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রে ডাকাতির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুটের দাবি প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন।

ঘটনার সময় বিক্রয়কেন্দ্রের নৈশপ্রহরী মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। 

ডাকাতরা তাকে মারধর করে গাড়িতে উঠিয়ে নিয়ে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ফেলে রেখে যায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিক শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি কেবল বিক্রয়কেন্দ্রে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা নৈশপ্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়। কলাপসিবল গেইট কেটে বিক্রয়কেন্দ্রে প্রবেশ করে ৪০ লাখের বেশি টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে চলে যায়। 

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।  

দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস।

শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের ৪০ লাখ টাকার মালামাল লুটের কথা জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”