জামালপুরে আওয়ামী লীগ নেতার ‘বাড়িতে বোমা নিক্ষেপ’
তবে বোমা নাকি আগুন লাগান ঘটনা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমায় একটি মোটরসাইকেল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হক।
শনিবার মধ্যরাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে বোমা নাকি আগুন লাগান ঘটনা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান লেবু ভাষ্য, “শনিবার রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। দরজা খুলে দেখি, বারান্দায় রাখা আমার ভাই উপজেলা মৎস্যজীবী লীগ নেতা আইনুল হকের মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আমিসহ আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করি। মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে।”
কারা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে জানতে চাইলে লেবু বলেন, “এখনো আন্দাজ করতে পারছি না। তবে ভয়ভীতি প্রদর্শনের জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নিক্ষেপ করে থাকতে পারে।”
থানার পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হক বলেন, “রাতের আঁধারে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনের খবর পেয়েছি। আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে একটি বোতল পাওয়া গেছে। ওই বোতলে পেট্রোল নেওয়া হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।”
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
