Published : 17 Aug 2024, 01:28 PM
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আটকাপড়া ২২ কেজির এক পাঙ্গাস প্রায় ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার নিচ থেকে জেলে আনিস হালদারের জালে মাছটি আটকা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
জেলে আনিস হালদার বলেন, “ভোর রাতে জেলেদের নিয়ে ট্রলারে পদ্মায় মাছ ধরতে যাই। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেললেও মাছ পাইনি। পরে পদ্মা-যমুনা মোহনায় জাল উঠানোর সময় জোরে ঝাঁকুনি দেয়। জালটি নৌকায় উঠিয়ে দেখতে পাই বড় একটি পাঙ্গাস।”
মাছটির ওজন ২২ কেজি। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকায় বিক্রি করেন বলে জানান জেলে আনিস।
স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি বলেন, “মাছটি বিক্রির জন্য মোবাইলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিতে ৫০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দেব।”