সীমানা পুনর্নির্ধারণ: ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।
প্রশাসনের আশ্বাসে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা।
ফলে রোববার বিকাল ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগরের চান্দুরা বাস স্ট্যান্ডে অবরোধ করেন স্থানীয়রা।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানার আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
আধাঘণ্টা আলোচনার পর দাবি পূরণে তাদের আশ্বাসে অবরোধ তুলে দেন বিক্ষুব্ধরা।
এর আগে বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, “নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়নের বাসিন্দারা।
“তবে প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে।”
অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
