কমিশনের ওপর পশ্চিমাদের কোনো চাপ নেই: ইসি আহসান হাবিব
“তফসিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে, আমরা আন্তরিকভাবে বিবেচনা করার চেষ্টা করব।”
নির্বাচন কমিশনের ওপর পশ্চিমা কোনো দেশের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “পশ্চিমাদের যে চাপ আছে; সেটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা নয়। সেটা সরকার ও রাজনৈতিক ব্যক্তিরা বুঝবেন। আমাদের প্রতি কোনো চাপ নেই।”
সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তফসিল পেছানো প্রসঙ্গে ইসি বলেন, “আমরা একবারও তফসিল পেছানোর কথা বলিনি। তবে নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক; এটা আমাদের মনে প্রাণে ইচ্ছা।
“তফসিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে, আমরা আন্তরিকভাবে বিবেচনা করার চেষ্টা করব। কমিশনে আলোচনার পর সে বিষয়ে সিদ্ধান্ত হবে।“
২৮ জানুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা কথা জানিয়ে আহসান হাবিব বলেন, “সময় থাকলে আমরা কমিশন বসে আলোচনা করব। আমাদের টাইম ফ্রেমের মধ্যে যদি তফসিল পেছানো সম্ভব হয়; অবশ্যই করব।”
এবার নির্বাচনে ভোটারের উপস্থিতি ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন এই নির্বাচন কমিশনার।
এর আগে সকালে সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
