ফসলি জমির মাটি লুট: কুমিল্লায় ১৫ ড্রেজার ও তিন হাজার ফুট পাইপ ধ্বংস
“কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
কুমিল্লার বুড়িচং উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১৫টি ড্রেজার ও প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
এদিন সকালে অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় তিনটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
পরে বিকালে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
অভিযানে বুড়িচং থানার এসআই আলীসহ সঙ্গীয় একটি দল সহায়তা করেন।
