২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর স্বজনদের পাশে স্বাস্থ্যের মহাপরিচালক

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার পরিবার ন্যায় বিচার পাবে।”

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 10:55 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

যশোরের বেনাপোলের শার্শায় ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়ি পরিদর্শন করে তার পরিবারের সদস্যদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবু জাফর।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আবদুল্লাহর বাড়ি পোর্ট থানার বড়আঁচড়ায়।

বুধবার রাত ৮টার দিকে আবু জাফর আব্দুল্লাহর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তার কবর জিয়ারত করেন।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের আবু জাফর বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার পরিবার ন্যায় বিচার পাবে।

“বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগমসহ অন্যান্য উপদেষ্টারা সম্মিলিতভাবে চেষ্টা করছেন ন্যায় বিচার যেন হয়।”

যশোরের এডিসি এসএম শাহিন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া ও  আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পুলিশের গুলিতে আহত হন।

ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতো আব্দুল্লাহ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সিএমএইচে ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আব্দুল্লাহ।