প্রত্যাহারের পর থানার এসি, টিভি, আইপিএস খুলে নিলেন ওসি
তথ্য মিলেছে ব্যবসায়ীরা সেগুলো কিনতে টাকা দিয়েছিলেন; এখন ওসি বলছেন, তার নিজের টাকায় কেনা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার পর তিনি থানায় লাগানো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি, টেলিভিশন, আইপিএস ও সোফা নিয়ে গেছেন।
সেই পুলিশ কর্মকর্তার দাবি, এগুলো তার নিজের টাকায় কেনা, তবে এই দাবি নাকচ করে কয়েকজন জানিয়েছেন, তারা থানাকে উপহার হিসেবে এগুলো দিয়েছিলেন।
শুক্রবার রাত ৯টার দিকে থানার পুলিশ সদস্য উদয় রায় ও ওসির পাঠানো কর্মী আরিফ সরকার এবং এক ভ্যান চালক এগুলো থানা হতে ওসির কোয়ার্টারে নিয়ে যান।
উদয় বলেন, “ওসি স্যারের নির্দেশে জিনিসপত্রগুলো খুলে নেওয়া হয়েছে।”
আগের দিন জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত আদেশে ওসি ফরিদুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে হঠাৎ কেন তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো সেটি স্পষ্ট নয়।
তবে থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেছেছেন, “ওসির টাকায় কেনা জিনিসপত্র হলে তো তিনি নিতেই পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানান, তারা এগুলো থানাকে উপহার হিসেবে দিয়েছিলেন।
একজন বলেন, “যিনি ওসি হয়ে আসবেন, তিনিই ব্যবহার করবেন। এ জন্যই সেগুলো কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল। ফরিদুলকে ব্যক্তিগতভাবে এই উপহার দেওয়া হয়নি।”
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মণ্ডল জানান, স্থানীয় বালু মহালের ব্যবসায়ীরা এগুলো উপহার হিসেবে থানাকে দিয়েছিলেন। তারা সরাসরি কিনে না দিয়ে টাকা দেন। এরপর ওসি ফরিদুলের তত্ত্বাবধানে সেগুলো কেনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই রাজনীতিক বলেন, “থানায় যেই ওসি আসুক, তারা যেন সুবিধাটা ভোগ করতে পারে, সে জন্য বালু মহালের টাকা দিয়ে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছিল। এই উপহার থানার স্বার্থে। কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়।
“শুনেছি তিনি (ফরিদুল) সেগুলো খুলে নিয়ে গেছেন। এটা ঠিক না। তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, তার চেয়ারটাকে সম্মান করে দেওয়া হয়েছিল।”
তবে এগুলো নিজের টাকায় কেনা দাবি করে ওসি ফরিদুল দাবি করেছেন, সাংবাদিকদের তিনি বলেছেন, “সুতরাং সেগুলো আমি নিতেই পারি।”
ফরিদুলের এই কাণ্ড নিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, “কারো অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয় তাহলে নিতে পারবেন। যদিও এই বিষয়ে কিছুই জানি না।”
