রাজবাড়ীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাতে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন শরিফ। রাত ১১টার দিকে মাহফিল থেকে তিনি চলে আসেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাজার থেকে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা পুলিশের।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইজ গেইট বাজারে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
নিহত শরিফ খান (৪২) একই ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
স্থানীয় সিদ্দিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন শরিফ। রাত ১১টার দিকে মাহফিল থেকে শরিফ চলে আসেন। পরে রাত সাড়ে ১১টার দিকে রুপসা বাজারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
আরেক স্থানীয় কুদ্দুস শেখ বলেন, “রাতে আমরা খবর পেলাম বাজারে কাকে যেন খুন করা হয়েছে। এরপর এসে দেখি একটি দোকানের বারান্দায় লাশ পড়ে আছে। চারপাশে প্রচুর রক্ত। গলায় কোপানোর চিহ্নও আছে। এরপর পুলিশ চলে আসে।”
পুলিশ সুপার আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
