২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কার পর অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দিল পিকআপ, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসের ধাক্কার পর অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দিল পিকআপ, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 05:58 PM

Updated : 01 Nov 2022, 12:50 PM

প্রথমে একটি বাস পেছন থেকে এসে সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কায় দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে; ঠিক তখনি পেছনে থাকা আরেকটি পিকআপভ্যান সেটিকে চাপা দিয়ে দুমড়ে-মুচড়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার চার যাত্রীর প্রাণহানি ঘটে; আহত হয়েছেন আরও দুজন।     

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সোমবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকূল চন্দ্র বিশ্বাস জানান। 

নিহতরা হলেন- অটোরিকশার চালক দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্বী আক্তার (২০), তার মেয়ে মুনতাহা জান্নাত (২) ও খালা রেজিয়া বেগম (৪৫)।

আহতদের বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আকূল চন্দ্র বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে আরও দুজনের মৃত্যু হয়।

কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, “আহত চারজনকে আমাদের হাসপাতালে আনার পর অটোরিকশার যাত্রী শিশু মুনতাহা জান্নাত এবং চালক হাবিবুর রহমান মারা যান। অপর দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি আকূল চন্দ্র আরও বলেন, বাস ও পিকআপটিকে চিহ্নিত করার চেষ্টা করছি। তবে ঘটনার পরপরই দুই চালক গাড়ি দুটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরা এখনও সম্ভব হয়নি।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। আর দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।