২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে পোস্ট: কুমিল্লায় ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

চিঠিতে সরাসরি সাঈদী সংশ্লিষ্টতার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:38 PM

Updated : 15 Oct 2023, 12:38 PM

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ‘শোক ও সমবেদনা’ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় কুমিল্লা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির কথা জানানো হয়।

তবে চিঠিতে সরাসরি সাঈদী সংশ্লিষ্টতার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

সেখানে বলা হয়েছে, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় উল্লেখিত ছাত্রলীগ নেতাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, “যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ওই ১৭ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন-কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি রাতুল রহমান আশিক, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. তারেক।

মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেবীদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো. ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহিম এবং দেবীদ্বারের বারকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশের আইনে আমৃত্যু কারাদণ্ড পাওয়া একজন স্বীকৃত রাজাকারের জন্য আমাদের ছাত্রলীগ নেতাদের পোস্ট দেওয়া ছিল দুঃখজনক। সাঈদীর মৃত্যুর পর থেকে আমরা বিষয়টি নজরদারিতে রাখছিলাম।

“আজ-কালের মধ্যে আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হতে পারে। সাঈদীর মতাদর্শের কেউ যদি দলে থেকে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্সিতে কাউকে রেহাই দেওয়া হবে না।”

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02pcHZCkR195hjf45VdTDWpedhGFENKLS2puv9FE68hzsyt3A9rjW8zmvxwG5Cj2RTl]