ফেনীতে ২৫ বোতল ফেনসিডিল রাখায় যুবকের যাবজ্জীবন
ছাগলনাইয়া পৌরসভার একটি সড়ক থেকে ২০১২ সালের অগাস্টে ফেনসিডিলসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়।
ফেনীতে ১০ বছর পূর্বে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর করা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের সিনিয়র সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান (২৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর পাটোয়ারী বাড়ির আবু আহাম্মদের ছেলে।
মামলার নথির বরাতে এপিপি দ্বিজেন্দ্র জানান, ২০১২ সালের ২৬ অগাস্ট রাতে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর বিডিআর সড়ক থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়। পরে ২০১২ সালের ৩ অক্টোবর ছাগলনাইয়া থানার তৎকালীন এসআই মো. ফিরোজ আলম আদালতে অভিযোগপত্র দেন।
আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার মান্নানকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মান্নান যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেপ্তার হবেন তখন থেকে তার সাজা কার্যকর হবে বলে জানান এপিপি দ্বিজেন্দ্র ।
