২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই জায়ের

গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান ফিরোজা; পরে তাকে তোলার চেষ্টা করলে নিলুফাও বিদ্যুতায়িত হন ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 08:53 PM

Updated : 06 Oct 2023, 08:53 PM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ জানান ।

নিহতরা হলেন- ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) এবং একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। তারা দুইজন সম্পর্কে জা।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নুর ইসলাম বলেন, ওই গ্রামের বাবলু মিয়া ও একাব্বর মিয়া আপন সহোদর ভাই। তারা একই বাড়িতে বসবাস করেন।

দুপুরে বাবলুর স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গেলে গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান।

তিনি আরও বলেন, এসময় একাব্বরের স্ত্রী নিলুফা এগিয়ে এসে তাকে ওঠানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।