২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সুরতহালে সুজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে পঞ্চগড়ের পুলিশ সুপার জানিয়েছেন।

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

তেঁতুলিয়া মডেল থানা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 05:09 PM

Updated : 05 Jul 2023, 10:59 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তে গুলিবিদ্ধ এক যুবক একদিন পর মারা গেছেন। পুলিশের ভাষ্য, তিনি ‘গরু চোরাকারবারী’ ছিলেন।

মঙ্গলবার রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা জানান।

নিহত সুজন (২৩) তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের হেঙ্গাডোবা গ্রামের আনারুল হকের ছেলে।

সুজন বিএসএফের গুলিতে মারা গেছে বলে পুলিশ জানালেও বিজিবি তা নিশ্চিত করেনি – কার গুলিতে মারা গেছে তা তদন্ত করছে বলে জানায় তারা।

স্থানীয়দের বরাত দিয়ে এসপি সিরাজুল হুদা বলেন, সোমবার রাতে সুজনসহ একদল ‘চোরাকারবারী’ গরু আনতে নীলফামারীর ৫৬ বিজিবির আওতাধীন তেঁতুলিয়া সীমান্তের বিপরীতে ভারতের সুকানী সীমান্ত এলাকায় যান।

“এ সময় বিএসএফের সুকানী ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে সুজন গুলিবিদ্ধ হন।”

তিনি বলেন, পরে সুজনের সঙ্গীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসপি আরও বলেন, “পুলিশি ঝামেলা এড়াতে মঙ্গলবার রাতেই তাকে গোপনে দাফনের চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।”

সিরাজুল হুদা বলেন, সুরতহালে সুজনের উরু ও অন্ডকোষে গুলির চিহ্ন পাওয়া গেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে তিনি জানান।

 নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কীভাবে বা কার গুলিতে মারা গেছে তা নিশ্চিত হতে বিজিবি খোঁজ-খবর নিচ্ছে।