১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, সেনা সদস্যের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, সেনা সদস্যের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক সেনা সদস্যের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসটির আরও ছয় যাত্রী।

শুক্রবার বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন। 

নিহত মো. আল মামুন (২৬) সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর এলাকার প্রয়াত ওছিম উদ্দিনের ছেলে। তবে তিনি কোথায় কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ ছাড়া তাৎক্ষণিকভাবে আহদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি ইসমাইল হোসেন বলেন, বেলা ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

ঘটনাস্থলেই বাসের যাত্রী আল মামুন মারা যান। এ ছাড়া আহত হন আরও ছয় যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। সেনা সদস্যের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে; তবে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।