২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ‘মাদক কারবারী’ দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তার দম্পতির কাছ থেকে ৩ হাজার ৯২০ ইয়াবা উদ্ধার হয়েছে, বলছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 12:42 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী দম্পতিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে উপজেলার যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামের খতিব উদ্দিনের ছেলে আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দম্পতির কাছ থেকে ৩ হাজার ৯২০ ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।