Published : 08 Aug 2026, 12:32 AM
নেত্রকোণা শহরের বড়বাজারে দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন কর্মী আহত হয়েছেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রকোণা স্টেশন অফিসার খানে আলম খানসহ তিনজন আহত হয়েছেন। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, বড়বাজারের সুচিত্রা স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তেই তা আশপাশের দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে সুচিত্রা স্টোর, উর্তি স্টোর, মজুমদার ইলেকট্রনিক্স, জুতার ও সিরামিকসের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে গেছে।
যে জায়গায় আগুন লেগেছে সেই গলির সামনের অংশে দোকানঘর এবং পেছনের অংশে বাসাবাড়ি রয়েছে। আগুনে প্রান্ত সাহা, শুভ সাহা ও লিটন চৌধুরীর বাসা পুড়ে গেছে। বাসাগুলো আধাপাকা টিনশেড ছিল।
ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান সাংবাদিকদের বলেন, ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
আরও পড়ুন: