২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫

হামলায় তিন পুলিশ সদস্য আহতের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 11:15 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

নারায়ণগঞ্জ শহরে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

হামলায় তিন পুলিশ সদস্য আহতের পাশাপাশি তাদের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের জিমখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছিরউদ্দিন আহমদ।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া আহতদেরও নাম-পরিচয় জানায়নি পুলিশ।

ওসি নাছিরউদ্দিন বলেন, মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি আলম চানকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আলম চানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। 

হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং তিন পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে। এ ঘটনায় মামলা হবে।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে ২২ অক্টোবর রাতে শহরের জিমখানা এলাকায় আসামি ধরতে অভিযানে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হন।