রেলপথে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ির পাশে রেললাইনের ওপর খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
রেলওয়ে পুলিশের আমনুরা ফাঁড়ির এসআই মো. আইনুল হক জানান, সোমবার সকালে উপজেলার কসবা ইউপির যাদুপুর গ্রামের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বছর বয়সী তাসলিমা খাতুন একই গ্রামের মশিউর রহমানের মেয়ে।
এসআই আইনুল বলেন, “তাসলিমা বাড়ির পাশে রেললাইনের ওপর খেলছিল। সকাল ৮টা ২০ মিনিটের দিকে রাজশাহী থেকে রহনপুরগামী ‘পূণর্ভবা-মল্লিক’ নামে লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
“পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
