নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের লাশ মিলল খালে
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বলছে পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
নিহত ৭৮ বছর বয়সী মো. আরিফ মিয়া ওই গ্রামের রাশের মিয়ার ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা জামাল হোসেন বলেন, তার চাচা বিয়ে করেননি। তিনি তার পাঁচ ভাইয়ের সঙ্গে থাকতেন। গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত ২ জানুয়ারি সকালে থেকে তার চাচার খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি।
তিনি বলেন, “শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে কচুরিপানা আনতে যায় দুই কিশোর। এ সময় কচুরিপানা সরালে চাচার মরদেহ ভেসে ওঠে।”
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
