২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী মিমের পরিবার পাচ্ছে ২০ লাখ টাকা

এর মধ্যে বাসের মালিক দেবেন ১০ লাখ, বিআরটিএ কর্তৃপক্ষ ৫ লাখ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 08:02 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

বাস চাপায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

সেইসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কে শিক্ষার্থীদের পারাপার নিরাপদ করার জন্য বেশকিছু উদ্যোগও বাস্তবায়ন করা হবে। 

শনিবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তরিকতা, মানবিকতা ও তাদের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সুন্দর সমাধান হয়েছে।” 

শুক্রবার রাত তিনটা পর্যন্ত ওই সভা হয় জানিয়ে তিনি বলেন,  সভায় শিক্ষার্থীদের প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন, প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল, সিন্ডিকেট সদস্য, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, র‌্যাব-৮ এর উপ অধিনায়ক, সেনাবাহিনীর কর্মকর্তা, ডিজিএফআইর আঞ্চলিক প্রধান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ও নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির নেতা, নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের প্রতিনিধিরা ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩০টি বাস আটকে রেখে মহাসড়ক ছেড়েছে শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল  মাহমুদ রুমি আরও বলেন, সভায় দীর্ঘ আলোচনায় বাস মালিক ১০ লাখ, বিআরটিএ কর্তৃপক্ষ ৫ লাখ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ লাখ টাকাসহ মোট ২০ লাখ টাকা মিমের পরিবারকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আবেদনের পরিপ্রেক্ষিতে মিমের পরিবারকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণে সড়ক ও জনপদ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। সেই ব্রিজটির নামকরণ নিহত মাইশা ফৌজিয়া মিমের নামে করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশপাশে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কে গতিসীমা নির্ধারণ করে সাইনবোর্ড লাগানো, বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানাতে অদূরে আরও কিছু সাইনবোর্ড স্থাপন, বিশ্ববিদ্যালয়ে সামনের মহাসড়কে গতিরোধক, রাম্বল স্ট্রিপ বসানো, মহাসড়কের পাশে ফুটপাত নির্মাণ, দুর্ঘটনা প্রবণ এলাকা নিশ্চিত করে রাতের সড়কে পল্লী বিদ্যুতের সহায়তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সার্বক্ষণিক ট্র্যাফিক পুলিশের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় সামনে স্থায়ী ট্রাফিক বক্স নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস চাপায় ছাত্রীর মৃত্যু: সমঝোতা বৈঠকে না বসায় ফের সড়ক অবরোধ

এর মধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে জানিয়ে ফয়সাল মাহমুদ রুমি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈঠকে সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন। তারা বাস মালিকের আর্থিক অবস্থা ও নিহত সহপাঠীর পরিবারের দিক বিবেচনা করেই সব সিদ্ধান্ত নিয়েছেন।” 

বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাস চাপায় শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এরপর দিন থেকে চালক ও তার সহকারীকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন নিহতের সহপাঠীরা। 

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, অগ্নিসংযোগ

এদিকে, মিমকে চাপা দেওয়া বাসের চালক মো. জামিল হোসনকে (২৫) শুক্রবার রাতে তার নিজ গ্রাম পটুয়াখালীর মরিচবুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যেহেতু ঘটনাটি বন্দর থানাধীন। তাই সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (নিরাপত্তা শাখা) কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় চালক জামিল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হবে। 

পুলিশ কমিশনার আরো বলেন, “শিক্ষার্থীরা বেশ কিছু দাবি দিয়েছেন। এর মধ্যে প্রথম দাবি ছিল চালককে আটক করা। আমরা সেটি করতে সক্ষম হয়েছি। পাশাপাশি চালকের সহকারীকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

“এছাড়া বাস মালিকের কাছ থেকে নিহত মাইশার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি বলেন, “এর বাইরেও যে দাবিগুলো রয়েছে, সেগুলো মেনে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে শিক্ষার্থীরা। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”