ময়মনসিংহে জমির বিরোধে কৃষককে হত্যা: মা ও ৩ ছেলের যাবজ্জীবন
২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে কৃষক হাবিবুরকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান আদালতের পরিদর্শক।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যা মামলায় মা ও তিন ছেলেকে যাবজ্জীবন এবং চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস নয়জন আসামির মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান আদালতের পরিদর্শক পি এস এম মোম্তাছিনুর রহমান।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন এবং শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন এবং ছইব উদ্দিন পলাতক আছেন।
এক বছর করে দণ্ড পাওয়া আসামিরা হলেন- মো. নাছিম, এখলাস উদ্দিন, মঞ্জুরুল এবং বাবুল। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি করিম উদ্দিনকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাতে আদালতের পরিদর্শক মোম্তাছিনুর জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মাসকান্দা গ্রামের প্রয়াত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে হাবিবুর প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়।
ঘটনার পরদিন হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় নয়জনের নামে মামলা করেন বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের পরিদর্শক মোম্তাছিনুর।
এ ছাড়া চার আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আকরাম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন এবং আইনজীবী মাজেদুর রহমান রনি।
