ফরিদপুরে ‘খাজা বাহিনীর’ ৫ সদস্য গ্রেপ্তার, দেশি অস্ত্র উদ্ধার
ছাত্রলীগের দুটি পক্ষের বিরোধের জেরে কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দেশি অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করে একদল যুবক, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশি অস্ত্রসহ ‘খাজা বাহিনীর’ পাঁচ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
রোববার জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান জানান।
গ্রেপ্তাররা হলেন সাগর বেপারী, নাজমুল ইসলাম, রাকিব, তুষার ও সাব্বির। সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে।
দুপুরের ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান লিখিত বক্তব্যে বলেন, কানাইপুর ইউনিয়ন ‘ছাত্রলীগের’ বিদ্যমান দুই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ অগাস্ট কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দেশি অস্ত্র নিয়ে আতঙ্কা সৃষ্টি করে একদল যুবক, যা পরবর্তীতে ‘সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়’।
তিনি বলেন, “এ বিষয়ে পুলিশের অনুসন্ধানে জানা যায় স্থানীয় সন্ত্রাসী খাজা বাহিনীর সশস্ত্র মহড়া ছিল ওটি। কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওই মহড়া দেওয়া হয়।”
এসপি শাজাহান আরও বলেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএম আসলাম ও ছাত্রলীগ কর্মী সোহাগদের পক্ষের নেতাকর্মীকে ভয় দেখানো জন্য ‘খাজা বাহিনীর’ হয়ে থানা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ, দিদার, শহীদ, সোহেলসহ তাদের লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শ করে।
কানাইপুর ছাত্রলীগের সভাপতি আসলামকে ‘আক্রমণ ও ভয়-ভীতি দেখানোর জন্য’ এই ঘটনা ঘটায় বলে পুলিশ সুপার জানান।
পুলিশ জানায়, এই ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসলাম রোববার ওই ঘটনায় খায়রুজ্জামান খাজাসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
“ওই মামলায় পুলিশ ছবি ও ভিডিও দেখে পাঁচ জনকে শনাক্ত করে এবং তাদের আইনের আওতায় আনে। তাদের হাতে শোডাউনের সময় লোহার রড়, রাম দা, ছেনি ও ছুরি ছিল।”
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এসপি জানান।
