বেনাপোলে ‘ট্রিপল মার্ডার’: চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন
এ মামলায় সাজা পাওয়া চার ভাইয়ের বাবাকে খালাস দেওয়া হয়েছে।
যশোরের বেনাপোলে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার যশোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি এম ইদ্রিস আলী জানান।
সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের চার ভাই নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ঈমান আলী।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ মামলায় সাজা পাওয়া চার ভাইয়ের বাবা আব্দুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে দুইভাই আলাউদ্দিন ও গিয়াস উদ্দিন হাজির ছিলেন।
আদালত ও মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে রঘুনাথপুরে ব্যাপক ঝড় হয়। এতে রাস্তার বিভিন্ন গাছ উপড়ে পড়ে।
গাছ বিক্রির টাকা এলাকার মসজিদের ফান্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ নিয়ে মতবিরোধ হয়।
পরদিন সকালে গাছ কাটতে আসেন ওই এলাকার নছু, আলাউদ্দিনসহ আরো কয়েকজন।
আরেক পক্ষের আব্দুল্লাহ, বুদোসহ অন্যরা এসে ওই গাছ কাটতে নিষেধ করেন।
এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আব্দুল্লাহ, বুদো, আজগার, সুমনসহ আরও কয়েকজনকে গুরুতর জখম করে।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবদুল্লাহ। হাসপাতালে নেওয়া হলে মারা যান বুদোও।
উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে ঢাকায় মারা যান আজগর।
এ ঘটনায় নিহত আব্দুল্লার ভাই আব্দুল খালেক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় সাতজনের নামে মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ। পরে তদন্তের দায়িত্ব পান এসআই শরীফ হাবিবুর রহমান।
তিনি তদন্ত শেষে ওই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলা বিচার চলা অবস্থায় সালমান শাহ নামে এক আসামিকে অব্যাহতি দিয়ে বাকি ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
