২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগের ৬ কর্মী আটক

শরীয়তপুর সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। 

শরীয়তপুর সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। 

ডোমসার থেকে আটকরা হলেন- কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩) ও মুন্না খান (২৫)। বিলাসপুর থেকে আটক হয়েছেন শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে, অন্যরা পালিয়ে গেছেন।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে।

এদিকে ছাত্রলীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেইসবুক পাতা ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ এ শরীয়তপরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের ভিডিও পোস্ট করা হয়েছে। 

ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা কয়েকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া ও প্রার্থনা করছেন। তারা বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু লোক মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছেন। ভিডিও দেখে তাঁদের শনাক্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।