২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটে নৌকার ইঞ্জিনে শাড়ি আটকে নারীর মৃত্যু

তবে এই মৃত্যুর সঙ্গে বন্যার কোনো সম্পর্ক নেই বলে ইউএনও তৌহিদুল জানান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 11:27 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌকার ইঞ্জিনে শাড়ি আটকে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কুরিখলা গ্রামে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান। 

নিহত নারী হলেন- উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী শামসুন্নাহার (৪২)।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে উপজেলায় প্রায় সব সড়ক অকেজো হয়ে গেছে। বুধবার বিকালে শামসুন্নাহার তার মেয়েকে দেখতে রুস্তমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে যান। 

বৃহস্পতিবার সকালে তিনি ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নৌকার ইঞ্জিনের সঙ্গে তার শাড়ি আটকা পড়ে। অল্প সময়ের মধ্যেই গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে এই মৃত্যুর সঙ্গে বন্যার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইউএনও তৌহিদুল। তিনি বলেন, “এটা বন্যাজনিত মৃত্যু নয়।”

বন্যা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলে জানান ইউএনও।  

সকালে উপজেলা প্রশাসন জানিয়েছিল, উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। জাফলং-বিছনাকান্দিসহ সব পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে। 

উপজেলার ৫৬টি আশ্রয়কেন্দ্রে বুধবার রাতেই ১৬৭টি পরিবার আশ্রয় নেয়। বৃহস্পতিবার সেটি সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে পাশের উঁচু স্থানে বা বাড়িঘরে আশ্রয় নিয়েছে।