Published : 23 Apr 2026, 06:01 PM
বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় দিনে-দুপুরে একাধিক মামলার আসামি এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে শাহাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানিয়েছেন।
নিহত রকি (৩২) গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বেলা সোয়া ১টার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কোপাতে থাকে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই রকির মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন।
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, “রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাত করাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।”
ওসি আশিক ইকবাল বলেন, “ঘটনাস্থলে রকির মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”
ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করার খবরও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।