বরিশালে সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
মিরাজ ফকির আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
বরিশালের গৌরনদী উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশে অংশ নেওয়ার পথে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মৃত মিরাজ ফকির (৪৬) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, সকাল ১০টায় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে গৌরনদী সরকারি কলেজ মাঠে সমাবেশ হয়। সমাবেশে অংশ নিতে যানবাহনে করে আগৈলঝাড়া থেকে আসেন বিএনপির নেতাকর্মীরা। পথে মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়লে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গরমের কারণে আরো ১০-১২ নেতাকর্মী অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনীম বলেন, “হাসপাতালে আনার আগেই মিরাজ ফকিরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া লোকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।”
