সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামির মৃত্যু
কারাধ্যক্ষ জানান, বুকে যন্ত্রণা অনুভব করলে কয়েদিকে রাতে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
সাতক্ষীরা কারাগারে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার জানান।
মারা যাওয়া কয়েদি আব্দুস সাত্তার (৬০) জেলার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে।
কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা জানান, ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরার কলারোয়ায় সে সময়ের বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আহাদ জানান, দুই সন্তানের জনক সাত্তার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
কারাধ্যক্ষ আবুল বাশার জানান, বুকে যন্ত্রণা অনুভব করলে কয়েদি আব্দুস সাত্তারকে রাতে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
হাসপাতালটির চিকিৎসক সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রাত ৮টা ১০ মিনিটে আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সাত্তারের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
