২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ১০ মামলায় বিএনপি-জামায়াতের ১৩০০ নেতাকর্মী আসামি

পুলিশ জানায়, এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 02:39 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

পুলিশের উপর হামলা ও নাশকতার ১০ মামলায় জামালপুরে বিএনপি-জামায়াতের ১৩০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৭ জুলাই জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে কমিউটার ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

ওইদিনই সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ১৭টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। 

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার-পাঁচশ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। 

১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় কোটা আন্দোলনকারীরা জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেললাইনের উপর অবস্থান নেন। এ সময় জামালপুর-দেওয়ানগঞ্জ লাইন, জামালপুর-তারাকান্দি লাইনে ট্রেন চলাচল ও প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়।

দুপুরের পর আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটে। 

এ ঘটনায় সদর থানার এসআই মো. রাসেল মিয়া বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ এবং এবং অজ্ঞাত আরও দুই-তিনশ জনকে আসামি করে মামলা করেন।

১৮ জুলাই দুপুরে শহরের শফি মিয়ার বাজার সংলগ্ন জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের ৫০/৬০ জন নেতাকর্মী জড়ো হয়। 

তারা নাশকতা সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সেখানে জড়ো হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় সদর থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছেন।        

১৮ জুলাই সদর উপজেলার ঝাউলা গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। 

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিনশজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

১৯ জুলাই সন্ধ্যায় জামালপুর থেকে ভূয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপে চালক হাফিজুর রহমান গুরুতর আহত হয়। এ সময় ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। 

ভূয়াপুরের যাত্রা বাতিল করে ট্রেনটি কেন্দুয়া স্টেশন থেকে জামালপুর জংশন স্টেশনে ফিরিয়ে আনা হয়। চালক হাফিজুরকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জামালপুর জংশন স্টেশনের মাস্টার শেখ উজ্জল মাহমুদ।  

এ ছাড়াও ১৮ ও ১৯ জুলাই জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, সদস্য সচিব সোহেল রানা খান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক হারুন অর রশীদসহ ১০টি মামলায় বিএনপি-জামায়াতের অন্তত ১৩০০ নেতাকর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সোহেল মাহমুদ জানান, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জামালপুর সদরে চারটি এবং অপর ছয়টি থানায় একটি করে আলাদা মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “ছাত্রদের আন্দোলন ছাত্ররা করেছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে ঘায়েল করতে এসব মামলা করা হয়েছে।”

এসব মামলা সম্পূর্ণ অসত্য বলেও দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন বলেন, “আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই ষড়যন্ত্রমূলক এসব মামলা করা হয়েছে। যার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিন্দুমাত্র সম্পর্ক নাই।”

জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক হারুন অর রশীদ বলেন, “এসব মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সাজানো। বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে এসব গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা করে সংশ্লিষ্ট প্রশাসন বিতর্কিত হচ্ছে। ”

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করতেই ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে। ষড়ডন্ত্রমূলক এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”