২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেত্রী নীলাকে দল থেকে অব্যাহতি

পূর্বাচলের বহুল আলোচিত ‘নীলা মার্কেট’-এর মালিক তিনি।

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেত্রী নীলাকে দল থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2022, 09:15 PM

Updated : 04 Aug 2022, 09:15 PM

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান।

সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলার পূর্বাচলের বহুল আলোচিত ‘নীলা মার্কেট’-এর মালিক তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ রয়েছে, “দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডের জন্য সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকসহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”

বুধবার রাতে এই অব্যাহতিপত্র ইস্যু করা হলেও বৃহস্পতিবার বিষয়টি জানা যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ব্কিালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীলার বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ আত্মসাৎ ছাড়াও বিভিন্ন অভিযোগে লেখালেখি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে খোঁজ-খবর নেওয়া হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রকে সুপারিশ করা হবে।”

এ ব্যাপারে কথা বলতে সৈয়দা ফেরদৌসী আলম নীলার মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি কথা বলতে রাজি হননি।

‘এখন কথা বলতে পারছি না’- বলে কলটি তিনি কেটে দেন।

পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।