২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ৮

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ‘পটকা’ এবং আটকদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর যুবদলের সাবেক ও ছাত্রদল নেতাসহ আটজনকে আটক করেছে যৌথবাহিনী। 

শনিবার দুপুরে সেহাচর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

আটকরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ এবং রশিদ।

এদের মধ্যে জুয়েল ছাড়া বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বেলা ১১টার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন। পরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় গুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। উভয়পক্ষকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। তবে গুলির অভিযোগ পাওয়া গেলেও এর সত্যতা পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ এবং আটকদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।