Published : 19 Jul 2026, 09:14 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দিকে দুদিন পর গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বলেন, রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা নামের এই সাজাপ্রাপ্ত আসামি।
রিম্পা (২১) মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত ৯ জুলাই আদালত থেকে তাকে এ কারাগারে পাঠানো হয়েছিল।
বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।