সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ব্যবসায়ীকে যাবজ্জীবন
২০১৮ সালের ১০ অক্টোবর আটটি দেশি ওয়ান শুটার গান ও ১৫টি গুলিসহ গোপাল চন্দ্রকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ আটকের সাত বছর পর এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন একজন।
বুধবার বেলা ১২টায় সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. হাদীউজ্জামান সেখ।
দণ্ড পাওয়া গোপাল চন্দ্র সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
এপিপি হাদীউজ্জামান বলেন, ২০১৮ সালের ১০ অক্টোবর সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোপাল চন্দ্রকে আটক করা হয়।
তার কাছে পাওয়া স্কুল ব্যাগ তল্লাশি করে আটটি দেশি ওয়ান শুটার গান ও ১৫টি গুলি জব্দ করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে দুইজনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি রেজাউল করিমকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হাদীউজ্জামান।
