২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় নিহত ২

ঘটনাস্থলেই একজন নিহত হন; আরেকজন মারা যান হাসপাতালে, বলছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 11:10 AM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে।

উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন-শিবচররের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী ও একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে নয়ন।

তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে ওসি জহিরুল ইসলাম বলেন, “গ্যারেজের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন নয়ন ও লিমন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমনের মৃত্যু এবং পেছনের আসনে থাকা নয়ন গুরুতর আহত হয়।

“নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার তাকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।”

ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নিহতদের পরিবার থেকে লিখিত পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”