২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সোমবার দুপুরে থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের ওসি কামাল হোসেন জানান। 

জাকির হোসেন (৫৫) থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। 

মামলার বরাতে পুলিশ জানায়, ৪ অগাস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। 

তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ডিবি পুলিশ জাকির হোসেনকে থানায় হস্তান্তর করেছে। হত্যাসহ তিনটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।