২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ২ আসামি কারাগারে

“সামনের সপ্তাহে তার সৌদি আবর যাওয়ার কথা ছিল। এখন আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 10:54 AM

Updated : 26 Aug 2026, 12:37 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেওয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী ইয়াছিন আরাফাত শাকিল নিহতের ঘটনায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, শাকিলের বাবা মো. সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। 

নিহত ২৮ বছর বয়সী মো. শাকিলের বাড়ি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর গ্রামে।

তিনি যুবদলের কর্মী ছিলেন বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এর আগে সোমবার রাতে গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটর সামনে থেকে কয়েকজন জন অস্ত্রধারী সন্ত্রাসী এক কিশোরকে অপহরণের চেষ্টা করে। এ সময় যুবদলকর্মী ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েজন মিলে তাদের বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে হত্যা করে।

তখন অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই ছাত্রদলকর্মী মোজাম্মেল হোসেন শুভর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন যুবককে ধরে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর করে।

পিটুনিতে আহতরা হলেন- ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৫), জীবন (২৪) ও মনির হোসেন (২২)।

যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর

ওসি লিটন দেওয়ান বলছেন, আহত ওই তিনজনই মামলার আসামি। তাদের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।  

হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার প্রসঙ্গে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম গঙ্গাবর বাজার এলাকার একটি পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করে।

“এছাড়া ঘটনার পরপরই সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।”

এদিকে মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে শাকিলের দাফন সম্পন্ন হয়েছে বলে তার ভাই ছাত্রদলকর্মী মোজাম্মেল হোসেন শুভ জানিয়েছেন।

হামলায় আহত শুভ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই রয়েছেন। সেখানেই কথা হয় তার সঙ্গে।      

শুভ বলছিলেন, “আমার ভাই টাইলস মিস্ত্রী ছিল। তার ৮ মাসের একটি মেয়ে আছে। সামনের সপ্তাহে তার সৌদি আবর যাওয়ার কথা ছিল; এ জন্য টিকেট-ভিসা সব রেডি ছিল। কিন্তু তার করুণ মৃত্যুতে এখন আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, “শাকিল স্থানীয় পর্যায়ে যুবদলের রাজনীতর সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”