যশোরে মুখোশধারীরা ধাওয়া করে এনে কুপিয়ে হত্যা যুবককে
এ সময় মোস্তাক নামে আরেক যুবককে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
যশোর শহরে একদল মুখোশধারী ধাওয়া করে এনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে; এ সময় আরেক যুবক আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে শহরের সেন্ট্রাল মুজিব সড়কে এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।
নিহত রিপন (২৫) শহরের খড়কি ধোপাপাড়া এলাকার হাবিবুর রহমান ওরফে বুড়ো মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সেন্ট্রাল মুজিব সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম রাজীব বলেন, “মুখ বাঁধা কয়েকজন মুজিব সড়কের পঙ্গু হাসপাতাল এলাকা থেকে কয়েক যুবককে ধাওয়া করে নিয়ে আসে। বেবি শপ দোকানের সামনে একজনকে ধরে ফেলে এবং তাকে ধারালো দা দিয়ে কোপায়।
“তখন বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনের দরজার কাচ ভাঙচুর করে।
তিনি আরও বলেন, “আরেক যুবককে আশা এন্টারপ্রাইজের পাশের তাড়ং নামে দোকানের সামনে ধরে ফেলে। ওই যুবক মূলত সামনের একটি রিকশায় বাধা পেয়ে পড়ে যান। তখন সন্ত্রাসীরা তাকেও ছুরি মারে এবং কোপায়।”
আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। অপরজন খড়কি এলাকার বাসিন্দা মোস্তাক হাসপাতালে ভর্তি রয়েছেন।
খড়কি এলাকার বাসিন্দা কালু মিয়া সাংবাদিকদের বলেন, দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুয়েল ইমরান, কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ কর্মকর্তারা এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে হামলার বিষয়ে খোঁজখবর নেন।
