দুই নেতার দ্বন্দ্ব থামাতে গিয়ে কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু
“সবাই মিলে ভাইকে কিল-ঘুষি দেওয়া শুরু করে। এক পর্যায়ে ভাই অচেতন হয়ে পড়ে।”
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাবেক দুই নেতার দ্বন্দ্ব থামাতে গিয়ে কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শফিকুল মার্কেট এলাকায় এ ঘটনায় কৃষকদলের সাবেক এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল্লাহ খাঁন জানান।
নিহত ৫০ বছর বয়সী জাহিদুল ইসলাম শ্যামল মোক্তারপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং মোক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কামালের ভাই।
জাহিদুল পেশায় ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন-ওই এলাকার সেলিম মিয়া (৫০), শামসু মিয়া (৫৫), মনির হোসেন (৫০) ও কবির মিয়া (৪৫)। তাদের মধ্যে সেলিম উপজেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি। বাকিরা সবাই বিএনপির সমর্থক।
নিহতের ভাই শামসুল হক বলেন, “আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আমার বৈরিতা চলছিল। বুধবার সেগুনতলা এলাকায় তারা দলীয় ব্যানারে একটি সভা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি তাদের কাছে সভার বিষয়ে জানতে চাইলে তারা ‘উত্তেজিত হয়ে’ আমার দিকে তেড়ে আসে।
“ওই সময় আমার ভাই জাহিদুল ইসলাম শ্যামল এসে তাদের সামনে থেকে আমাকে সরিয়ে দিতে চাইলে তারা সবাই মিলে ভাইকে কিল-ঘুষি দেওয়া শুরু করে। এক পর্যায়ে ভাই অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছি।”
নিহতের এক স্বজন বলছিলেন, দলীয় কোন্দল থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। প্রতিপক্ষের লোকজন জাহিদুলকে কিল-ঘুষি দিয়েছে। কিন্তু হত্যার উদ্দেশে বা মৃত্যু হওয়ার মতো মারধর করেনি। তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
পরিদর্শক খাঁন বলেন, “এ ঘটনায় নিহতের ভাই থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
