১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন: সরকারকে শামসুজ্জামান

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 08:10 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

মানুষের ধৈর্য্য থাকতে থাকতে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্য্যহারা হয়। মানুষের ধৈর্য্য থাকতে থাকতে নির্বাচন দিন।” 

এ সময় বিএনপি নেতা কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বলেন, “আমরা অনুরোধ করব, যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে, তাদের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষের অস্বস্তি হয়। ধৈর্য্য থাকতে থাকতে কাজটা শেষ করার উদ্যোগ নেবেন। এটা আমরা প্রত্যাশা করি।”

রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “মওলানা ভাসানী ছিলেন খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার এবং সন্মানের। তাকে চিনেছিলেন জিয়াউর রহমান। তাকে চিনেছিলেন বলেই জিয়াউর রহমান তার আদর্শ গ্রহণ করেছেন। আমাদের নেতা জিয়াউর রহমান বাংলাদেশের ঘোষক কৃষকদের কাছে গিয়ে কাঁদার মধ্যে কৃষকের কথা শুনতেন। যেমন শুনতেন মওলানা ভাসানী।

“আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা এ দেশটাকে ১৬-১৭ বছর ধরে লুটেপুটে খেয়েছেন আর মানুষের ওপর জুলুম করেছেন তাদেরকে বিচারের আওতায় আনার দিন।” 

অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম উপস্থিত ছিলেন।